জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে বাংলাদেশের সকাল শুরু হয়েছিল কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। সেই জয়ে পদকের স্বপ্ন দেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বিকেলে চায়নিজ তাইপেকেও ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে সেই স্বপ্নকে আরও কাছে নিয়ে এসেছে বাংলাদেশ।
চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচটি ছিল হাড্ডাহাড্ডির। কখনো তাইপে এগিয়েছে, কখনো বাংলাদেশ। শেষ মিনিট পর্যন্ত ছিল তীব্র উত্তেজনা। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের খেলোয়াড়েরা। পদক নিশ্চিত না হলেও জয় উদ্যাপনে তাঁদের মধ্যে ছিল পদক জয়েরই আনন্দ।
টানা দুই ম্যাচ জিতে পদকের পথে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল তুলনামূলক দুর্বল স্বাগতিক জাপানকে হারাতে পারলে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া নিশ্চিত হবে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও জাপান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। কাবাডিতে সেমিফাইনালে ওঠা চার দলই পদক পায়।
এই গ্রুপের শীর্ষ ফেবারিট ভারত। চায়নিজ তাইপেকে হারিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ।
গত এশিয়ান গেমসে চায়নিজ তাইপের কাছে হেরেই পদকবঞ্চিত হয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকে এবার শুরু থেকেই সতর্ক ছিল দল। ম্যাচের একপর্যায়ে ৭ পয়েন্টে এগিয়েও গিয়েছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি ভুলে তাইপে ব্যবধান কমিয়ে আনে। ২৪-২০ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে অবশ্য চিত্র বদলে যায়। বাংলাদেশ যেখানে প্রতিপক্ষকে চাপে রাখার কথা, সেখানে উল্টো চাপে পড়ে যায়। একপর্যায়ে ৩৬-৩৫ পয়েন্টে এগিয়ে যায় চায়নিজ তাইপে। ম্যাচ শেষ হওয়ার প্রায় চার মিনিট আগে বাংলাদেশ আবার ৪০-৩৯ পয়েন্টে লিড নেয়।
এরপর শেষ তিন মিনিটে চলে স্নায়ুর লড়াই। শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফলে কাবাডিতে টানা দুই জয়ে সেমিফাইনাল ও পদকের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো লাল-সবুজের।


