ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়তে পারে বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে। তবে সেই সফরটি শুধু একটি টেস্টেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বাংলাদেশের ইংল্যান্ড সফরে যোগ হতে পারে আরও কয়েকটি সীমিত ওভারের ম্যাচ। এ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বছর অ্যাশেজের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এর প্রায় তিন সপ্তাহ পর ১৮ জুন ট্রেন্ট ব্রিজে শুরু হবে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ।

অ্যাশেজের আগে নিজেদের প্রস্তুতির জন্য মানসম্পন্ন একটি দলের বিপক্ষে টেস্ট খেলতে চেয়েছিল ইংল্যান্ড। সেই পরিকল্পনা থেকেই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিসিবি এখন চাইছে, একমাত্র টেস্টের সঙ্গে আরও কয়েকটি ম্যাচ যুক্ত করে সফরটিকে বড় করতে।

ইংল্যান্ড সফর নিয়ে আলোচনা চলছে

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, এ নিয়ে ইসিবির সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। ইংল্যান্ড এরই মধ্যে ওদের হোম সূচি প্রকাশ করেছে। একটা টেস্টই আছে। তাদের সঙ্গে যে আলোচনা করেছি-শুধু একটা টেস্ট খেলতে যদি যাই, আরও কিছু যদি যুক্ত হয়, সফরটি স্মরণীয় হয়ে থাকবে।

বিসিবির প্রস্তাবে ইসিবির ইতিবাচক সাড়া পাওয়ার কথাও জানিয়েছেন শাহরিয়ার। ফলে লর্ডস টেস্টের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের একাধিক ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ম্যাচের সংখ্যা বা ধরন নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না বিসিবি।

শাহরিয়ার বলেন,

ইংল্যান্ড এ ব্যাপারে সাপোর্টিভ, খুব ইতিবাচকভাবে এ নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক ক্রিকেটে যতক্ষণ না লক করে মিডিয়া রিলিজের আগে নিশ্চিত করছি, তার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইসিবির সঙ্গে আমাদের বেশ ইতিবাচক আলোচনা থাকছে। আশা করি, এই সফর শুধু একটি টেস্টে সীমাবদ্ধ থাকবে না।

লর্ডসে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ইংল্যান্ডের জন্যও গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চায় ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের জন্য ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগটি হবে টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও নিজেদের প্রস্তুতি ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ।

বর্তমানে নিশ্চিত সূচি অনুযায়ী, ২৮ মে লর্ডসে বাংলাদেশ ও ইংল্যান্ডের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জুন ট্রেন্ট ব্রিজে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। এর মাঝের সময়টিতে বাংলাদেশের সঙ্গে আরও ম্যাচ আয়োজন করা সম্ভব হলে দুই দলেরই প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে।

তবে অতিরিক্ত ম্যাচ গুলো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিবি ও ইসিবির আলোচনা চূড়ান্ত হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত সূচি প্রকাশ করা হবে।

spot_imgspot_img
spot_img

Related Articles