আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিতে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া ম্যাচের আগে অবশ্য আলোচনায় উঠে এসেছে সেখানকার তীব্র গরম।
আবুধাবিতে এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন,
সত্যি বলতে এটাই এখন একমাত্র সমস্যা। ছেলেদের মধ্যে যারা জাপান থেকে এসেছে, তারা এখানে কিছুই করার সুযোগ পায়নি। এর মধ্যে এই ধরনের আবহাওয়া, দুদিন ধরে প্রচুর গরম। এখানে মূল বিষয়টা হচ্ছে, কীভাবে তারা মানিয়ে নেয়।
তবে ধীরে ধীরে ক্রিকেটাররা গরমের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে মনে করেন সিমন্স। তাঁর ভাষায়, দিন শেষে এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার ব্যাপার। তবে আজ তাদের দেখে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। এই গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল। তাই আমি নিশ্চিত, তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট নিয়েও কথা বলেছেন সিমন্স। উইকেট তাঁর কাছে ভালোই মনে হয়েছে, তবে কিছুটা ধীরগতির হতে পারে বলে মনে করছেন তিনি।
সিমন্স বলেন,
আমি উইকেট দেখেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে আমার মনে হয় কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটা ভালো উইকেটের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনারের বিপক্ষে খেলতে হবে। এ জন্য আমরা সবকিছুর জন্যই নিজেদের তৈরি করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।




