আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নতুন সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা। দক্ষিণ আফ্রিকার এই কোচ এরই মধ্যে আরব আমিরাতে দলের সঙ্গে কাজ শুরু করেছেন। দলের সঙ্গে যোগ দেওয়ার দিনটিই ছিল তাঁর জন্মদিন। নতুন দায়িত্ব ও নতুন পরিবেশ নিয়ে বেশ রোমাঞ্চিত মাকেতা।
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই মাকেতাকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আয়োজন হবে দক্ষিণ আফ্রিকায়। স্বদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও ক্রিকেট–সংস্কৃতি সম্পর্কে মাকেতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে মাকেতা বলেন,
দারুণ রোমাঞ্চকর। সুযোগ পাওয়ার পর থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম। খেলোয়াড় ও কোচদের সঙ্গে দেখা করার জন্যও বেশ আগ্রহী ছিলাম। এখন সবার সঙ্গে দেখা হয়েছে। আশা করি, এখানে আমার যাত্রাটা দারুণ রোমাঞ্চে ভরপুর হবে। আমি অনেক এক্সাইটেড।
টেস্টে নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ মাকেতা
দলের সঙ্গে যোগ দেওয়ার দিন নিজের জন্মদিন হওয়াটাকেও বিশেষ মনে করছেন মাকেতা। তিনি বলেন, ‘আমার জন্মদিনের দিনই দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটি বিশেষ কিছু ছিল। এখানে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি অনেক দিন ধরেই কোচিং করাচ্ছি। ভিন্ন সংস্কৃতিতে কাজ করার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এমন একটা সময়ে আমাকে আনা হয়েছে, যখন দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য এটি দারুণ একটি সময়।
বাংলাদেশ দলের প্রথম অনুশীলনেও মাকেতার ভালো লেগেছে খেলোয়াড়দের মানসিকতা। প্রচণ্ড গরমের মধ্যেও ক্রিকেটারদের অনুশীলনে সন্তুষ্ট তিনি। মাকেতা বলেন,
প্রথম অনুশীলন ছিল। এখানে অনেক গরম। ছেলেরা নিজেদের কাজটা ভালোভাবেই করেছে। এটা বেশ অনুপ্রেরণাদায়ক ছিল। ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। তারাও সেটির জবাব দিয়েছে। বডি ল্যাঙ্গুয়েজসহ সব দিক থেকেই প্রথম অনুশীলনটা দারুণ ইমপ্রেসিভ ছিল। আমি উপভোগ করেছি, দারুণ উপভোগ করেছি।
নতুন দায়িত্বে শুরুটা ভালো হওয়ায় মাকেতার সামনে এখন বড় চ্যালেঞ্জ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। তবে তাঁর দীর্ঘমেয়াদি কাজের মূল লক্ষ্য থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ দলের প্রস্তুতিতে অবদান রাখা।




