দীর্ঘ বিরতি শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। সিরিজের অন্য দল আফগানিস্তান। আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি মাঠে গড়াবে বিকাল সাড়ে পাঁচটায়।
এক সময় ক্রিকেট ক্যালেন্ডার নিয়মিত ছিল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তিন দলের লড়াইয়ে পয়েন্টের হিসাব, ফাইনালে ওঠার সমীকরণ আর ট্রফি জয়ের আনন্দ-সব মিলিয়ে এই আয়োজনের আলাদা আকর্ষণ ছিল। বিশেষ করে অস্ট্রেয়িা ও সংযুক্ত আরব আমিরাতে এমন সিরিজ নিয়মিত দেখা যেত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় সেই আয়োজন এমন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ বিরতির পর পুরানো সেই স্বাদই ফিরছে আবুধাবীতে।
আজ জিম্বাবুয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অপেক্ষাটার আরও একটু দীর্ঘ। তারা নামছে সাড়ে আট বছরের বেশি সময় পর। ফলে দুই দলের ৮৫তম ওয়ানডে মুখোমুখি লড়াইটি এবার পাচ্ছে বিশেষ গুরুত্ব। সিরিজের অপর দল আফগানিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফাইনালে খেলবে। আগামী ২৮ অক্টোবর ফাইনাল হবে।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ত্রিদেশীয় সিরিজের স্মৃতি অবশ্য বিশেষভাবে উজ্জ্বল। ২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে সেটিই বাংলাদেশের একমাত্র শিরোপা। এরপর দীর্ঘ সময় এই সংস্করণে ত্রিদেশীয় সিরিজে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।
২০২৫ সালে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট সূচীতে। এবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সামনে সেই ধরণের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। এবার একই সময়ে দুটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে।
আবুধাবিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে সিরিজে। আগামীকাল পাকিস্তানে শুরু হচ্ছে আরও একটা ত্রিদেশীয় সিরিজ। সেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দীর্ঘ ১১ বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে ইংল্যান্ড।
২০ বছর পর এই প্রথম নিরপেক্ষ ভেনু্যতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। শেষবার তারা খেলেছিল ২০০৬ সালে জয়পুরে। আবুধাবীর এই স্টেডিয়ামে জিম্বাবুয়ে প্রথমবারের মতো মাঠে নামছে। বাংলাদেশ এখানে ছয়টি ম্যাচ খেলেছে, জয় দুই ম্যাচে।




