ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের শক্তি ও দুর্বলতা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল শুধু দুই পরাশক্তির লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও পরীক্ষা। দুই দেশের সিনিয়র জাতীয় দল এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র একবার বিশ্বকাপে এবং বাকি ১৩টি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ১৯৬৬ বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের হিসাব একেবারে সমানে সমান-আর্জেন্টিনা ও স্পেন জিতেছে ৬টি করে ম্যাচ, আর ড্র হয়েছে ২টি। ফলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে বিশ্বমঞ্চে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ এবং শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম মুখোমুখি লড়াই।

আর্জেন্টিনার বড় শক্তি

এই বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। ফিফার টুর্নামেন্ট বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২ গোল করে সর্বোচ্চ গোল করা দল । আর সেই আক্রমণের কেন্দ্রে আছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি  ফাইনালের আগে তার গোল সংখ্যা ৮, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়েও আক্রমণ ও সৃজনশীলতা দুই বিভাগেই আর্জেন্টিনার প্রধান শক্তি হিসেবে উঠে এসেছেন মেসি।

তবে আর্জেন্টিনার আক্রমণ শুধু মেসি নির্ভর নয়। লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ডরা প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখতে পারেন। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলের উপস্থিতি দলকে আরও ভারসাম্য দেয়। আর্জেন্টিনার বড় সুবিধা হলো, তারা প্রয়োজন অনুযায়ী ম্যাচের ধরন বদলাতে পারে। বল দখলে রেখে খেলতে পারে, আবার দ্রুত কাউন্টার অ্যাটাকেও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আর্জেন্টিনার দুর্বলতা

আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেনের বল দখল ও পজিশনাল ফুটবল সামলানো। স্পেন দীর্ঘ সময় বল নিজেদের কাছে রাখতে পারলে আর্জেন্টিনাকে অনেকটা সময় বল ছাড়া খেলতে হতে পারে। এতে রক্ষণ ও মাঝমাঠের ওপর চাপ বাড়বে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মেসির ওপর আক্রমণ তৈরির নির্ভরতা। তিনি এই বিশ্বকাপে অসাধারণ খেললেও নকআউট পর্বের প্রতিটি মিনিট খেলেছেন, যার মধ্যে অতিরিক্ত সময়ে গড়ানো দুটি ম্যাচও রয়েছে। ফলে ফাইনালে ম্যাচের গতি খুব বেশি হলে ৩৯ বছর বয়সী মেসির শারীরিক চাপও একটি বিবেচ্য বিষয় হতে পারে। অবশ্য এত দিনের অভিজ্ঞতায় তিনি গতি কমিয়েও কীভাবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রভাব ফেলতে হয়, সেটি বারবার দেখিয়েছেন।

স্পেনের সবচেয়ে বড় শক্তি

স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের জমাট রক্ষণ। তবে আক্রমণেও কম কার্যকর নয় লুইস দে লা ফুয়েন্তের দল। ফাইনালে ওঠার পথে সাত ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ গোল করেছে স্পেন, বিপরীতে হজম করেছে মাত্র একটি। সেই একমাত্র গোলটি আসে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে, যখন স্পেনের জালে সমতাসূচক গোল করেছিল বেলজিয়াম। অর্থাৎ ফাইনালের আগে বাকি ছয় ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছে স্প্যানিশরা। এমন দুর্ভেদ্য রক্ষণ ভাঙা যে আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য ফাইনালে বড় পরীক্ষা হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

ব্যক্তিগত পারফরম্যান্সেও স্পেনের রক্ষণভাগের দাপট স্পষ্ট। ফিফা পাওয়ার র‍্যাঙ্কিংয়ের ডিফেন্ডিং বিভাগে ৮.০৩ রেটিং নিয়ে সবার ওপরে রদ্রি। তার ঠিক পরেই পেদ্রো পোরো ৭.৭০ এবং তরুণ সেন্টারব্যাক পাউ কুবারসি ৭.৫০ রেটিং নিয়ে রয়েছেন। আয়মেরিক লাপোর্তের রেটিং ৭.২৯, তিনিও এই বিভাগের সেরা দশে জায়গা করে নিয়েছেন। একই দলের চারজন খেলোয়াড়ের এমন অবস্থানই বলে দেয়, স্পেনের রক্ষণ কোনো একজনের ওপর নির্ভরশীল নয়, এটি পুরো দলের সম্মিলিত শক্তি।

বিশেষ করে মাঝ মাঠে রদ্রির উপস্থিতি স্পেনকে বাড়তি নিরাপত্তা দেয়। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার পাশাপাশি রক্ষণ থেকে আক্রমণে বল নিয়ে যাওয়ার কাজটিও তিনি করেন। তার পেছনে কুবারসি ও লাপোর্তের মতো ডিফেন্ডাররা থাকায় স্পেনকে ভাঙা এখন পর্যন্ত প্রতিপক্ষদের জন্য কঠিনই হয়েছে। তবে ফাইনালে তাদের সামনে অপেক্ষা করছেন আট গোল করা মেসি-তাই স্পেনের এই দুর্দান্ত রক্ষণ এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।

স্পেনের আরেকটি বড় অস্ত্র বলের নিয়ন্ত্রণ ও পাসিং ফুটবল। ফিফার টুর্নামেন্ট পরিসংখ্যান অনুযায়ী, স্পেনের পজেশন কন্ট্রোল প্রায় ৫৮ শতাংশ। ফাইনালের আগে দলটি মোট ৪,৫৯২টি পাস খেলেছে, যার মধ্যে সফল হয়েছে ৪,১৫৬টি; পাসিং অ্যাকুরেসি ৯১ শতাংশ। ব্যক্তিগত ভাবেও স্প্যানিশদের দাপট চোখে পড়ার মতো-রদ্রি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৪৮টি সফল পাস দিয়েছেন, পাউ কুবারসি ৫৪৭টি এবং আয়মেরিক লাপোর্তে ৫৩৩টি। অর্থাৎ পেছন থেকে ধীরস্থির ভাবে আক্রমণ গড়ে তোলা এবং ছোট ছোট পাসে প্রতিপক্ষের প্রেসিং ভাঙার ক্ষেত্রে স্পেন কতটা কার্যকর, এই সংখ্যা গুলোই তার প্রমাণ। তবে মজার বিষয় হলো, মোট পাস ও সফল পাসের সংখ্যায় স্পেনের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা-তারা ৪,৭৭২টি পাসের মধ্যে ৪,৩২৪টি সফল করেছে। ফলে ফাইনালে মাঝমাঠ ও বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইটাও হতে পারে বেশ জমজমাট।

আর্জেন্টিনার জন্য বড় হুমকি

স্পেনের আক্রমণে লামিন ইয়ামাল আলাদা নজর কাড়বেন। তার গতি, ড্রিবলিং এবং একের বিপক্ষে এক পরিস্থিতিতে ডিফেন্ডারকে পরাস্ত করার ক্ষমতা আর্জেন্টিনার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

ফিফার সৃজনশীলতার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ৮.৮৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের রেটিং ৮.৬০।  তার সঙ্গে দানি ওলমো, ফাবিয়ান রুইজ এবং স্পেনের অন্যান্য আক্রমণাত্মক খেলোয়াড়দের সমন্বয় দলটির আক্রমণে বৈচিত্র্য এনেছে। তাই আর্জেন্টিনা শুধু একজন খেলোয়াড়কে আটকানোর পরিকল্পনা করলে সমস্যায় পড়তে পারে।

স্পেনের দুর্বলতা

স্পেনের সবচেয়ে বড় শক্তিই কখনো কখনো তাদের দুর্বলতায় পরিণত হতে পারে। দলটি অনেক সময় প্রচুর বল দখলে রেখেও সুযোগ কাজে লাগাতে সমস্যায় পড়ে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে ২৭টি শট নিয়েও গোল করতে পারেনি স্পেন, ম্যাচ শেষ হয়েছিল ০-০ ব্যবধানে।

ফাইনালের মতো ম্যাচে এমন সুযোগ নষ্ট করা বিপজ্জনক। কারণ আর্জেন্টিনার মতো অভিজ্ঞ দলকে একটি সুযোগ দিলেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। বিশেষ করে মেসির একটি পাস কিংবা দ্রুত কাউন্টার অ্যাটাক স্পেনের উঁচুতে উঠে খেলা রক্ষণকে সমস্যায় ফেলতে পারে।

কোথায় নির্ধারিত হতে পারে ম্যাচ?

এই ফাইনালের মূল লড়াই হতে পারে মাঝ মাঠে। স্পেন চাইবে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনাকে ছন্দহীন করতে। বিপরীতে আর্জেন্টিনা চেষ্টা করবে স্পেনের পাসিং লাইন বন্ধ করে দ্রুত সামনে যেতে এবং মেসিকে এমন জায়গায় বল দিতে, যেখান থেকে তিনি ম্যাচের পার্থক্য গড়তে পারেন।

পরিসংখ্যানের ভাষায় এটি কার্যত সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণের লড়াই। আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২ গোল করে সর্বোচ্চ গোল করা দল, বিপরীতে হজম করেছে মোট ৭ গোল। অন্যদিকে স্পেন ১৩ গোল করার পাশাপাশি ফাইনালে এসেছে মাত্র একটি গোল হজম করে। তবে বিশ্বকাপ ফাইনালে শুধু পরিসংখ্যানই শেষ কথা নয়। চাপ সামলানো, সুযোগ কাজে লাগানো এবং ছোট ভুল এড়ানো এই তিনটি বিষয়ই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে বিশ্বচ্যাম্পিয়ন কে হবে।

আর্জেন্টিনার অভিজ্ঞতা ও মেসির ব্যক্তিগত জাদুর বিপরীতে থাকবে স্পেনের তারুণ্য, শক্তিশালী রক্ষণ এবং দলগত নিয়ন্ত্রণ। তাই ম্যাচটি শুধু মেসি বনাম ইয়ামাল নয়, বরং আর্জেন্টিনার সরাসরি ও অভিযোজনক্ষম ফুটবলের সঙ্গে স্পেনের নিয়ন্ত্রিত পজিশনাল ফুটবলের এক আকর্ষণীয় কৌশলগত লড়াই হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles