চ্যাম্পিয়ন্স লিগের গোলের নতুন মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। বুধবার রাতে রোমার বিপক্ষে একটা গোল করেছেন তিনি। এ নিয়ে ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের এ টুর্নামেন্টে ফ্রেঞ্চ তারকার গোলের সংখ্যা বেড়ে ৭১ হয়েছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এমবাপে বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছেন। রোমার বিপক্ষে গোলের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন রাউল গঞ্জালেসকে। এমবাপের সামনে এখন আছেন করিম বেনজেমা, রবার্ট লেফানদোভস্কি, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাদো।
চ্যাম্পিয়ন্স লিগে গোল করা আর গোলের পর গোল করে ইতিহাসের পাতায় স্থান করে নেওয়া ভিন্ন বিষয়। এমবাপে এখন সেই ভিন্ন বিষয়ের পথে রয়েছেন। অথচ বয়স মাত্র ২৭। এ বয়সেই উঠে এসেছেন পঞ্চম স্থানে। সামনে বিপুল সময় পড়ে আছে। ফলে সামনে থাকা চারজনকে পেছনে ফেলে দেওয়ার অবারিত সুযোগ এখন তার সামনে।

রোমার বিপক্ষে গোল করে সেই স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়েছেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ৭১। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে থাকা করিম বেনজামার গোল সংখ্যা ৭২। ফলে স্বদেশি এ তারকাকে পেছনে ফেলা এমবাপের জন্য সময়ের ব্যাপার মাত্র। এক বা দুই ম্যাচে তাকে টপকে যেতে পারেন এমবাপে। তবে বাকি তিনজন পেছনে অনেকটা সময় অপেক্ষায় থাকতে হবে। তালিকায় তিনে থাকা লেফানদোভস্কির গোলের সংখ্যা ৯০।
বাকি দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও রোনালোদো তাদের গোলসংখ্যা বেশ আগেই তিন অঙ্কে নিয়ে গেছেন। তবে ইউরোপের কোনো ক্লাবে না থাকায় তাদের আর গোল সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এটিই এমবাপের সামনে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোলসংখ্যা ১০৪। বর্তমানে তিনি ইউরোপ ছেড়ে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাবে। আর ১৪০ গোল নিয়ে সবার ওপরে থাকে রোনালদো বেছে নিয়েছেন সৌদি ক্লাব আল নাসরকে। ফলে এমবাপের সামনে এখন দারুণ সুযোগ।


