দর্শকের মুখে বল – ডিসকোয়ালিফাইড মেদভেদেভ

চায়না ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারির এক দর্শকের মুখে বল লাগানোর ঘটনায় সরাসরি ডিসকোয়ালিফাইড হয়েছেন দানিল মেদভেদেভ। ম্যাচে তখন জোকোভিচ ৭-৫, ৫-৩ গেমে এগিয়ে ছিলেন। দ্বিতীয় সেটের ওই গেমে জোকোভিচ একটি উইনার মেরে ১৫-১৫ সমতা ফেরান। বলটি কোর্টের পেছনের দিকে গিয়ে বাউন্স করার পর মেদভেদেভ ক্ষোভের মধ্যে সেটি ব্যাকহ্যান্ডে আঘাত করেন। তার শটটি উঁচু হয়ে গ্যালারির সামনের সারিতে বসে থাকা এক দর্শকের মুখে গিয়ে লাগে।

ঘটনার পর ওই দর্শক মুখ চেপে ধরে সামনের দিকে ঝুঁকে পড়েন। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বের করে নেওয়ার সময়ও তিনি চোখ ধরে রেখেছিলেন। ঘটনার পর চেয়ার আম্পায়ার মোহাম্মদ লাহইয়ানি ও একজন এটিপি কর্মকর্তার সঙ্গে কথা বলেন মেদভেদেভ। এরপর জোকোভিচের সঙ্গে করমর্দন করতে নেটের কাছে যান তিনি।

ম্যাচ শেষে মেদভেদেভ দর্শকের কাছে দুঃখ প্রকাশ করে বলেন,

প্রথমেই ওই দর্শকের কাছে আমি অত্যন্ত দুঃখিত। আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আশা করি, ব্যক্তিগত ভাবে ক্ষমা চাইতে পারব এবং তিনি কেমন আছেন জানতে পারব। আমি শুধু আশা করছি তিনি ঠিক আছেন। এই মুহূর্তে সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জোকোভিচও ওই দর্শক ও মেদভেদেভ দুজনের প্রতিই সহানুভূতি প্রকাশ করেছেন। ২০২০ ইউএস ওপেনেও একই ধরনের ঘটনায় নিজে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন সার্বিয়ান তারকা।

জোকোভিচ বলেন,

সত্যি বলতে, ঘটনাটি কিছুটা ধাক্কার মতো। আশা করি ওই ব্যক্তি গুরুতর আহত হননি। দানিলের জন্যও আমার খারাপ লাগছে। বড় ম্যাচে ডিসকোয়ালিফাইড হলে কেমন লাগে, আমি সেটা খুব ভালোভাবেই জানি। আমি নিশ্চিত, দানিল ইচ্ছা করে এমনটা করেনি।

বিরল ডিসকোয়ালিফিকেশনে মেদভেদেভ

টেনিসে এ ধরনের ডিসকোয়ালিফিকেশন খুবই বিরল। খেলোয়াড়েরা সাধারণত আচরণবিধি ভঙ্গের জন্য সতর্কতা বা কোড ভায়োলেশন পান। বলের অপব্যবহার, শারীরিক বা মৌখিক অসদাচরণ এবং র‍্যাকেটের অপব্যবহার এর মধ্যে পড়ে। সাধারণত একাধিক কোড ভায়োলেশনের পর ডিসকোয়ালিফিকেশন হতে পারে। তবে মেদভেদেভের ঘটনাটিকে এতটাই গুরুতর হিসেবে বিবেচনা করা হয়েছে যে তাকে সরাসরি ম্যাচ থেকে বহিষ্কার করা হয়।

এর ফলে বেইজিংয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যে র‍্যাঙ্কিং পয়েন্ট ও প্রাইজমানি অর্জন করেছিলেন, সেগুলোও হারাবেন ৩০ বছর বয়সী মেদভেদেভ। আদতে আবেগ প্রবণ আচরণের জন্য মেদভেদেভের সুনাম দীর্ঘদিনের। গত বছর ইউএস ওপেনে একজন ফটোগ্রাফার কোর্টে ঢুকে পড়ার ঘটনায় তিনি মেজাজ হারিয়েছিলেন এবং প্রায় ৩১ হাজার ৫০০ পাউন্ড জরিমানার মুখে পড়েন।

এ বছরের এপ্রিলে মন্টে কার্লো মাস্টার্সে ৬-০, ৬-০ সেটে হারের পর র‍্যাকেট ভেঙে ফেলেও অসদাচরণের জন্য জরিমানা গুনতে হয়েছিল তাকে। ২০২৫ সালে বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ জানিয়েছিলেন, কোর্টে নিজের আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তিনি।

তখন তিনি বলেছিলেন, ম্যাচ হারতে তিনি ঘৃণা করেন এবং জিততে ভালোবাসেন। ম্যাচ জেতার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তার মধ্যে প্রচুর অ্যাড্রেনালিন ও আবেগ তৈরি হয়, কখনো সেই শক্তি ইতিবাচক হয়, আবার কখনো তা নেতিবাচক আচরণে পরিণত হয়। তবে চায়না ওপেনে জোকোভিচের বিপক্ষে এই ঘটনা তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত বিতর্ক গুলোর একটি হয়ে থাকল।

spot_imgspot_img
spot_img

Related Articles