উহান ওপেনের ফাইনালে ব্রিটিশ তারকা সোনে কার্তাল

ছয় মাসের বিরতি কাটিয়ে কোর্টে ফিরেছেন মাত্র তৃতীয় টুর্নামেন্টে। তাতেই যেন স্বপ্নের মতো এক সপ্তাহ কাটাচ্ছেন ব্রিটিশ টেনিস তারকা সোনে কার্তাল। উহান ওপেনের সেমিফাইনালে সাবেক গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জেলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় ফাইনালে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭০ নম্বরে থাকা কার্তাল সেমিফাইনালে ওস্তাপেঙ্কোকে হারিয়েছেন ৭-৬ (১১-৯), ৭-৬ (৭-৫) গেমে। রোমাঞ্চকর লড়াইয়ে দুই সেটেই একসময় ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে ঘুরে দাঁড়ান ব্রিটিশ তারকা। অন্যদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ছন্দ হারান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে থাকা লাটভিয়ার ওস্তাপেঙ্কো।

ম্যাচটিতে অবিশ্বাস্য মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন কার্তাল। প্রথম সেটে তিনটি সেট পয়েন্ট বাঁচানোর পর দ্বিতীয় সেটেও আরও তিনটি সেট পয়েন্ট থেকে রক্ষা পান তিনি। শেষ পর্যন্ত দুই সেটেই টাইব্রেকারে জয় তুলে নিয়ে নিশ্চিত করেন ফাইনালের টিকিট।

ম্যাচ শেষে কার্তাল বলেন, ‘সম্ভবত এটি আমার খেলা সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি। কিছু সময় ওস্তাপেঙ্কোকে থামানোই অসম্ভব মনে হয়। তখন আপনাকে সেই চাপ সামলে টিকে থাকতে হয়। মানসিকভাবে এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।’

চোটের কারণে দীর্ঘ ছয় মাস কোর্টের বাইরে ছিলেন কার্তাল। বিরতির আগে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ছিল ৫৪তম। আর এবার উহান ওপেনে দারুণ পারফরম্যান্সে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। বর্তমানে ১৭০তম স্থানে থাকলেও টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুবাদে সোমবার প্রকাশিতব্য র‍্যাঙ্কিংয়ে আবারও বিশ্বের শীর্ষ ৫০-এ ফিরবেন এই ব্রিটিশ খেলোয়াড়। একই সঙ্গে ব্রিটেনের নারী টেনিসে এক নম্বর খেলোয়াড়ও হতে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ৪৪।

কার্তালের সামনে এখন শিরোপার হাতছানি। ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী ইগা সিওনতেক অথবা ফরাসি ওপেনের ফাইনালিস্ট মাজা খভালিনস্কা। তাঁদের মধ্যে যিনিই জিতুন, শিরোপার লড়াইয়ে কার্তালের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

তবে ফাইনালে ওঠার মধ্য দিয়েই ইতিহাস গড়েছেন কার্তাল। ১৯৯০ সালে ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টের প্রচলন শুরুর পর এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা সর্বনিম্ন র‍্যাঙ্কিংধারী খেলোয়াড় এখন তিনি। পাশাপাশি ২০১৯ সালে জোহানা কন্তার পর প্রথম ব্রিটিশ নারী খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন কার্তাল।

গ্র্যান্ড স্লামের বাইরে নারী টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ শিরোপা ডব্লিউটিএ ১০০০। সেই শিরোপা জয়ের মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে কার্তাল। দীর্ঘ বিরতি, চোটের ধকল আর র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার পর এমন প্রত্যাবর্তন তাঁর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন দেখার বিষয়, স্বপ্নের এই সপ্তাহের শেষটা শিরোপা জিতে রাঙাতে পারেন কি না ব্রিটিশ তারকা।

spot_imgspot_img
spot_img

Related Articles