জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেটা

বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেটাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সাথে চুক্তির মেয়াদকাল ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। শিগগিরই তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে যোগ দেবেন ৪৬ বছর বয়সী এই প্রোটিয়া কোচ।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচিং যোগ্যতাসম্পন্ন মাকেটার কোচিং ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময়ের।

এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রোটিয়াদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাকেটা। ২০১৯ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি।

এ ছাড়া অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সময়ও কোচিং স্টাফের অংশ ছিলেন মাকেটা।

তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রিকেট একাডেমিতে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য খেলোয়াড়দের প্রস্তুত করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়েও সব সংস্করণে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়ে মাকেটা বলেন, “বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচকভাবে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।”

তিনি আরও বলেন, “আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিল ও কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ করার পাশাপাশি খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি আগ্রহী।”

“এই সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। নতুন এই যাত্রা শুরু করতে এবং বাংলাদেশ জাতীয় দলের জন্য অবদান রাখতে আমি উচ্ছ্বসিত,” বলেন মাকেটা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেটা। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।

২০২৩-২৪ মৌসুমে তার অধীনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়। এছাড়া তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও জায়গা করে নেয়।

spot_imgspot_img
spot_img

Related Articles