পাকিস্তান ক্রিকেট দলে পরিবর্তন এসেছে । চোটের কারণে ছিটকে গেছেন পেসার সালমান মির্জা। তাঁর জায়গায় এশিয়ান গেমসে পাকিস্তান দলে ওয়াসিম জুনিয়রকে নেওয়া হয়েছে।
বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন সালমান। তাঁর পরিবর্তে দলে ফেরা ওয়াসিম সর্বশেষ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায়।
১৫ সদস্যের পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন বিস্ফোরক ওপেনার সাহিবজাদা ফারহান। দলে রয়েছেন জাতীয় দলের হয়ে এখনো টি-টোয়েন্টি না খেলা চার ক্রিকেটার-আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ।
আগামী সোমবার কোয়ার্টার ফাইনাল দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে পাকিস্তান। তবে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।
এশিয়ান গেমসে পাকিস্তান সর্বশেষ ২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতেছিল। এরপর ২০১৪ সালে ও সর্বশেষ আসরে বাংলাদেশের কাছে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে পদকশূন্য থাকতে হয়েছে তাদের।




