বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন রাজা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের চেয়ে আফগানিস্তানকে কিছুটা এগিয়ে রাখছেন সিকান্দার রাজা। তবে আফগানিস্তানকে সরাসরি ‘ফেভারিট’ বলতে নারাজ জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। তাঁর মতে, তিন দলেরই টুর্নামেন্ট জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিরিজে বাংলাদেশের অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ নিজেদের ফেভারিট হিসেবে উল্লেখ করেছেন। এর পেছনে যুক্তি হিসেবে তিনি তুলে ধরেছেন, এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি। সিকান্দার রাজার মতেও, স্বাগতিক হিসেবে আফগানিস্তান বাড়তি সুবিধা পাবে।

রাজা বলেন, ‘আমি মনে করি, স্বাগতিক দল সব সময় একটু বেশি সুবিধা পায়। এই কন্ডিশনে আফগানিস্তান প্রচুর ক্রিকেট খেলেছে। আর আমরা এসেছি মাত্র দুই দিন হলো। এটি আমাদের দ্বিতীয় অনুশীলন সেশন। যে দল ভালো খেলবে, তাদেরই সুযোগ বেশি থাকবে। তবে আমার মনে হয়, তিন দলেরই এই টুর্নামেন্ট জেতার ভালো সম্ভাবনা আছে। কাউকে স্পষ্টভাবে ফেভারিট বলব না। তবে আফগানিস্তান স্বাগতিক হিসেবে অবশ্যই বাড়তি সুবিধা পাবে।’

বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এবং খেলার ধরন তাঁর ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।

রাজা বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো করছে। তারা অনেক উন্নতি করছে। যে ধরনের ক্রিকেট খেলছে, তা দারুণ। নতুন অধিনায়কের অধীনেও বাংলাদেশ আগে ভালো খেলেছে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশকে পেয়ে খুব ভালো লাগছে। আমার মনে হয়, রোমাঞ্চকর একটি সিরিজ হতে যাচ্ছে।’

আবুধাবির উইকেট নিয়েও নিজের ধারণা জানিয়েছেন রাজা। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে এই ভেন্যুতে ব্যাটিং ও বোলিং-দুইয়ের জন্যই ভালো উইকেট দেখা গেছে। তবে ম্যাচের ফল নির্ধারণে উইকেট কিংবা টস খুব বড় ভূমিকা রাখবে বলে মনে করেন না তিনি।

রাজা বলেন, ‘আবুধাবিতে সাম্প্রতিক সময়ে ব্যাটিং ও বোলিংয়ের জন্য ভালো উইকেটই দেখা গেছে। ভেন্যু হিসেবেও এটি অনেক সুন্দর। তবে আমার মনে হয় না, ফলাফলের ক্ষেত্রে উইকেট বা টস এত বড় বিষয় হবে। এখানে অনেক ভালো সুযোগ-সুবিধা আছে, উইকেটও ভালো। যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমি একটি দারুণ ম্যাচ চাই। রানও হওয়া উচিত। তবে রান-উৎসব হবে কি না, তা এখনই বলতে পারছি না। জিম্বাবুয়ের যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে।’

বাংলাদেশ দলের সম্ভাব্য এক্স-ফ্যাক্টর কে হতে পারেন, এমন প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দিয়েছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক। তাঁর মতে, বাংলাদেশের একাদশে থাকা যেকোনো ক্রিকেটারই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন।

রাজা বলেন, ‘কাল যে ১১ জন খেলবে, দেশের হয়ে প্রত্যেকেই এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারে। জিম্বাবুয়ের হয়ে আমাদের সবাইকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, সে ব্যাটার হোক কিংবা বোলার। আসলে সবাই-ই এক্স-ফ্যাক্টর।’

spot_imgspot_img
spot_img

Related Articles